Ratul Tarafder 1

 ভেতো

রাতুল তরফদার

 -------------------------------

বাক্সবন্দী ইচ্ছেগুলো বাক্সেই থাকে,

আমি তো দিনের শেষে

সেই নির্বিবাদী ভেতো বাঙালি;

আমি সিরিয়ার আরাজকতায়

আগুনের ফুলকি ছোটাই মুখে,

ফেসবুকে দিই দিলছোঁয়া পোস্ট,

শ্রীদেবীর মৃত্যু নিয়ে লোকের শোক প্রকাশ,

কটাক্ষ করতে ছাড়িনা তাকেও,

আমার মনের ‘তুফান’

চায়ের কাপেই থমকে যায়

অবশেষে বদহজম, অগত্যা বের করি,

একখানা গম্ভীর পোস্ট টাঙাই ফেসবুকে!

একটা ধর্ষণ, আমি প্রচণ্ড রকম শোকাহত।



**************************************************



স্ববীক্ষণ

রাতুল তরফদার


১

চোখের নীলে চিনেছি সেই ভোর,

সেই অমলিন আলো ছুঁয়ে যায় আজও

মনের ক‍্যানভাস এ ময়লা যতো,

ধুয়েছিল সব সসম্ভাস সারল‍্যে;

চেনা পথ চিনেছিলাম অচেনার গাম্ভীর্যে।

২

হঠাৎ পতন;

অসম্ভবের হাতছানি পেতেছিল ফাঁদ,

পা দেওয়া, যথারীতি

অতলস্পর্ষী গভীরতা বুঝেছি সেদিন

তল খুঁজে চলা রোজ;

৩

পথ খুঁজি, নির্লজ্জ পিঠটানের,

হেরে গেলাম কি?! স্বভাবসিদ্ধ নয়-

অগত্যা লড়াই, প্রচণ্ড, ঘুরে দাঁড়াবার,

ভাঙছি গড়ছি নিজেকে রোজ,

অসম্ভবের পথে, সম্ভাবনার খোঁজে ।।


*******************************************************


Comments